দুই দিনের রিমান্ডে লোকমান

331

ঢাকা সংবাদদাতা: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার এই রিমান্ড দেয়া হয়েছে। আজ শুক্রবার লোকমানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র‌্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। যার নম্বর ৪৫। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।