ওয়ানবাংলানিউজ: গত ৮ জুনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি হয়ে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় ভোটাদের কৃতজ্ঞতা জানিয়েছে সভা করেছেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আট্রিয়াম বাংকোয়েটিং হলে রুশনারার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের ডিনারে উপস্থিত ছিলেন কয়েকশ’ আমন্ত্রিত অতিথি।
এসময় রুশনারা আলী তৃতীয়বারের মতো নির্বাচিত করে এলাকার মানুষ যে সম্মান ও ভালবাসা প্রদর্শন করেছেন সেজন্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আজ ব্রিটিশ পার্লামেন্টে আরও দুই জন বাঙালি নারী টিউলিপ সিদ্দিক ও রুপা হক এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছেন টাওয়ার হ্যামলেটসে প্রথম বাঙালি মহিলা স্পিকার।”

রুশনারা আলী গত ৮ জুনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ২০১০ সালে বেথনাল গ্রিন ও বো আসনে প্রথম বাঙালি এমপি রুশনারা ১১,৫৭৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ২০১৫ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়ায় ২৪,৩১৭। এ বছর তৃতীয়বারের নির্বাচনে রুশনারা আলী তার সংখ্যাগরিষ্ঠতা ৩৫,৩৯৩ বাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেন।
রুশনারা তার এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “দেশে শিক্ষাখাতে সরকারের এক দশমিক আট বিলিয়ন পাউন্ড বাজেট কর্তনের বিরুদ্ধে আমার সাথে ক্যাম্পেইনের জন্য এই সামারে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সফল ক্যাম্পেইনের ফলে আমরা বিগত দিনে এক দশমিখ ৩ বিলিয়ন পাউন্ড রক্ষা করতে পেরেছি।”
রুশনারা আলী আরও বলেন, “সরকার পুলিশের সংখ্যা কমানোয় সিকিউরিটি ও সেইফটি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। এজন্য সরকারকে চাপের মুখে রাখতে হবে যাতে এই খাতে অর্থায়ন বাড়ানো হয়। হিংসাত্মক আক্রমণ, সন্ত্রাস ও সাম্প্রতিক এসিড হামলার ঘটনা মোকাবেলায় তহবিল বাড়ানোর ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে।”

রুশনারা ব্রিটেনে হার্ড বেক্সিটের বিরোধিতা করে বলেন, “আমার মাথায় বুলেট রাখলেও আমি হার্ড ব্রেক্সিট সমর্থন করবো না। কারণ এতে আমার আসনের মানুষ কর্মসংস্থানের সুযোগ হারাবে। আমরা অল্পবয়সীদের কর্মসংস্থানের জন্য কঠোর পরিশ্রম করছি, আমি এই কাজকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই আগামী কয়েক বছর প্রধানমন্ত্রী টেরিজা মে কে চাপের মুখে রাখবো যাতে তিনি কর্মসংস্থানের সুযোগকে বলি না দেন।”

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্হিংহ্যামের লেবার দলীয় এমপি খালিদ মাহমুদ। তিনি বলেন, “আপনাদের এমপি রুশনারা আলীকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন। তার কাজ শুধু দলেই প্রশংসিত নয় সরকারি দলের এমপিরাও তার কাজের প্রশংসা করেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উনমেষ দেশাই ও স্থানীয় লেবার পার্টি নেতারা।
নিউজ সূত্র ও কৃতজ্ঞতা সৈয়দ নাহাস পাশা বিডিনিউজ লন্ডন প্রতিনিধি
ছবি ও ভিডিও ওয়ানবাংলানিউজ
ভোটাদের ধন্যবাদ জানিয়ে রুশনারা আলীর সভা: সরকারের বাজেট কাটের সমালোচনা http://www.onebanglanews.com/news/8763
Posted by onebanglanews.com on Friday, 21 July 2017















