বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দেয়াল ধসে নিহত ১

1091

ঢাকা সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেয়ালের একাংশ ধসে পারভীন আক্তার নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা হলেন, সিআইডি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসআই জাহিদুল ইসলাম, আনসার সদস্য ওমর ফারুক, হাসপাতালের নার্স অন্তরা ও পথচারী রুহুল আমিন। তাদের বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ওই নারী নাখালপাড়া থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইকে দেখতে এসেছিলেন।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হোটেল রুপসীবাংলা সড়কের উল্টো দিকে হাসপাতালের গাড়ি পার্কিংয়ে এ ঘটনা ঘটে। নিহত পরভীনের লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শহিবাগ থানার ওসি আবুল হাসান।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন বলেন, বিএসএমএমইউ’র সি ব্লকের পাশের গাড়ি পার্কিংয়ের সামনের সীমানা প্রাচীরের একাংশ ধসে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে পথচারী পারভীন আক্তার নামে এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। রাত ৮টার পরে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদের মধ্যে হাপাতালের একজন নার্স, একজন আনসার ও দুজন আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। তাদের মধ্যে নার্স অন্তরাকে প্রাথমিক চিকিসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আনসার সদস্যের জখম রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। অন্যদেরও ওয়ার্ডে রেখে চিকিত্সা দেয়া হচ্ছে।

দেয়াল ধসে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এ দেয়ালটি প্রায় ৪৫ বছরের পুরোনো। এ কারণেই এটি ধসে পড়েছে বলে মনে হচ্ছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখি হোটেল রুপসী বাংলার রোডের পশ্চিমপাশে অবস্থিত হাসপাতালটির পার্কিংয়ের সামনের প্রায় ১০০ ফিট বাউন্ডারি হঠাৎ করে ধসে পড়ে। এ ঘটনায় এক নারী পথচারী নিহত হয়েছেন। আহতরা ওই হাসপাতালেই চিকিত্সা নিচ্ছেন।