সিলেট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে র্যাবের সাথে গোলাগুলিতে ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জের গৌখালেরপাড়ের মৃত আব্দুল গফুর বাদাইর ছেলে।
সোমবার ভোরে গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৯ জানিয়েছে, নিহত ফজর আলীর বিরুদ্ধে শিশু নির্যাতনসহ বিভিন্ন আইনে ২০টি মামলা রয়েছে।
র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পেয়ে গোয়াইনঘাটে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নিহত হন। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।















