মুক্তিযুদ্ধের সংগঠক শামসুল আলম চৌধুরী আর নেই

1140

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক, বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী আর নেই। শনিবার দিবাগত রাত ২টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো  ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে মরহুমের নামাজে জানাজার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর জানাজা ও দাফন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে। প্রয়াত শামসুল আলম চৌধুরীর স্ত্রী তাঁর স্বামীর আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানের কারাগার থেকে দেশে ফেরার পথে লন্ডনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধুর পেছনে বামে শামসুল আলম চৌধুরী

উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রামের সন্তান শামসুল আলম চৌধুরী ১৯৭১ সালে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বাধীন ১৯৭১ স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঐসময় তিনি কভেন্ট্রিতে গঠিত ঐ কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব ছাড়াও স্টুডেন্ট একশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠা কালিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।  মুক্তিযুদ্ধ সংগঠনে অসামান্য অবদানের জন্য গত বছর লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অন্যান্যদের সাথে সদ্য প্রয়াত শামসুল আলম চৌধুরীকে  সম্মাননা জানানো হয়।