চীন-ভারত উত্তেজনা অব্যাহত, আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

1198

আন্তর্জাতিক ডেস্ক: ডোকলাম অথবা ডোকা লা ইস্যুতে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশ। দুই দেশের সেনাবাহিনী মোতায়েন রয়েছে সেখানে। যেকোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটে যাওয়ার সমুহ আশঙ্কা রয়েছে। এ অবস্থা সৃষ্টি হয়েছে গত ১৬ই জুন থেকে। বলা হচ্ছে, গত ৩০ বছরের মধ্যে এটাই দীর্ঘস্থায়ী সঙ্কট এ দু’দেশের মধ্যে। এ অবস্থায় উত্তেজনা নিরসনে সরাসরি আলোচনায় বসতে ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকাশ করা হয়েছে উদ্বেগ। এ খবর দিয়েছে অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ভারত ও চীনকে উত্তেজনা নিরসনের জন্য সরাসরি আলোচনায় উৎসাহিত করি। উল্লেখ্য, ১৬ই জুন ভারতের বিরুদ্ধে সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে চীন। তাদের দাবি ভারতীয় সেনারা অবৈধভাবে প্রবেশ করেছে সিকিমের ডোকলাম অঞ্চলে। ওই অঞ্চলে একটি সড়ক নির্মাণ করছিল চীনা সেনারা। তাদের সেই কাজকে থামিয়ে দিয়েছে ভারত। এর জবাবে ভারত বলেছে, সীমান্ত বিরোধ এখনও সমাধান হয় নি। চীনের উচিত হবে অবস্থানের পরিবর্তন করা। পাশাপাশি চীনের বিরুদ্ধে আরো অভিযোগ করে ভারত। তারা বলে, ভারত-চীন-ভুটান ত্রিদেশীয় সংযোগস্থলে সড়ক নির্মাণ করছিল চীন। তাদের সেনারা ভারতীয় ভূখ- সিকিমে অনুপ্রবেশ করেছিল এবং তারা ভারতীয় বাঙ্কারগুলো ধ্বংস করে দিয়েছে। তবে চীন বলছে, ভারত তাদেরকে উস্কানি দিচ্ছে। এ সমস্যা সমাধান হতে পারে শুধু ভারত যদি তার সেনাদের প্রত্যাহার করে। তবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, প্রতিরক্ষা বিষয়ক মহড়ার অধীনে চীন সম্প্রতি কয়েক হাজার টন সামরিক সরঞ্জাম ও যানবাহন মোতায়েন করে তিব্বতে। এ ঘটনা ঘটেছে গত মাসের মেশের দিকে। মিডিয়ার রিপোর্টে বলা হয়, ডোকলাম ইস্যুতে পেশীশক্তি দেখাতে এমনটা করেছে চীন।

উল্লেখ্য, তিব্বতের সঙ্গে চীনের সড়ক ও রেল যোগাযোগ খুবই উন্নতমানের। ফলে দ্রুতগতিতে তারা সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকায় মোতায়েন করতে পারে। ওদিকে সাংহাইভিত্তিক সামরিক বিশ্লেষক নি লেসিওং সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, চীনের সামরিক সরঞ্জামাদির স্থানান্তর হলো ভারতের সঙ্গে উত্তেজনা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে ভারতকে আলোচনায় আনা যেতে পারে। সামরিক প্রস্তুতির পাশাপাশি এ ইস্যুতে কূটনৈতিকভাবে আলোচনা হতে হবে অবশ্যই। উল্লেখ্য, ডোকলাম বা ডোকা লা নামটি ভারতীয়। ভুটান এটাকে ডোকালাম হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীন অব্যাতভাবে দাবি করে আসছে এ অঞ্চল ডোংলাং অঞ্চলের অংশ। চীন-ভারত সীমান্তে জম্মু-কাশ্মির থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৩৪৮৮ কিলোমিটারের ২২০ কিলোমিটার পড়েছে সিকিমে।