আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরিদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যম্যে পোস্ট দিলেই পাকিস্তানিদের অ্যাকাউন্ট স্থগিত করে দিচ্ছে ফেসবুক-টুইটারে কর্মরত ভারতীয়রা। এমন অভিযোগ করছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র।খরব এক্সপ্রেস ট্রিবিউনের।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আঞ্চলিক প্রধান অফিসে ভারতীয় স্টাফরা অ্যাকাউন্ট স্থগিত করার পেছনে জড়িত।
রোববার আসিফ গফুর তার ব্যক্তিগত টুইট বার্তায় এ কথা বলেন।
জেনারেল গফুর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মীরিদের সমর্থনে পোস্ট দেয়ায় অ্যাকাউন্ট স্থগিত করার ঘটনায় টুইটার ও ফেসবুকের কাছে মামলা দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করেছেন, যে অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়েছে সেগুলো সম্পর্কে রিপোর্ট করতে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিরক্ষা প্রতিনিধি কামরান ইউসুফ শুক্রবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পারমাণবিক হুমকির বিষয়ে টুইটের রিপ্লাইতে তার প্রতিক্রিয়া জানান।
এরপর কামরান ইউসুফের টুইট অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়।
কামরান ইউসুফ বলেন, আমি টুইট বার্তা প্রকাশ করার পরই কোনো কারণ ছাড়া আমার অ্যাকাউন্টটি স্থগিত করে দেয়া হয়। আমি টুইটারের কোনো শর্ত ভঙ্গ না করলেও আমার অ্যাকাউন্টটি স্থগিত করে দেয়া হয়।
তিনি বলেন, আমার বন্ধু আমাকে পরামর্শ দিয়েছেন শেষ টুইটটি ডিলিট করে দিতে। আমি রাজনাথ সিংয়ের টুইটে করা কমেন্টটি ডিলিট করলে দ্রুত আমার অ্যাকাউন্ট ফিরে আসে।
ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন তারা পাকিস্তানি সাংবাদিকদের অ্যাকাউন্টগুলো ব্লক করতে টুইটার ব্যবস্থাপনাকে চাপ দিচ্ছেন।















