খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। কুসাল পেরেরার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে দিমুথ করুণারতেœর দল। জবাবে ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২২৩ রান। শ্রীলঙ্কার জার্সিতে এটি ছিল লাসিথ মালিঙ্গার শেষ ওয়ানডে ম্যাচ। বিদায়ী ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি।
আর প্রেমাদাসায় এর আগে কোনো দল তিনশ’ রান তাড়া করেও জেতেনি। বাংলাদেশকে তাই রেকর্ড গড়তে হত। ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।
অধিনায়ক তামিম শূন্য রানে ফেরেন মালিঙ্গার বলে বোল্ড হয়ে। এরপর মিঠুনকে (১০) এলবির ফাঁদে ফেলেন নুয়ান প্রদীপ। কিছুক্ষণ পর মালিঙ্গার বলে বোল্ড হন সৌম্য সরকারও (১৫)। আর লাহিরু কুমারার বলে আউট হয়ে বাংলাদেশের বিপদ বাড়িয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ (৩)। পঞ্চম উইকেটে মুশফিক-সাব্বির রহমানের ১১১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু দলীয় ১৫০ রানে সাব্বিরের বিদায়ের পর কার্যত ম্যাচটা হেরে যায় টাইগাররা। ৫৬ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রান করেন সাব্বির। মোসাদ্দেক হোসেন সৈকত (১২) ও মেহেদী মিরাজ (২) সঙ্গ দিতে পারেননি মুশফিককে। দলীয় ১৯৯ রানে মুশফিকও আউট হয়ে যান। ৮৬ বলে ৫ বাউন্ডারিতে ৬৭ রান করেন মুশি। শেষের দিকে মোস্তাফিজের ১৩ বলে ১৮ রানে ছোট্ট ক্যামিওতে হারের ব্যবধান কমায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার দলীয় ১০ রানে শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন শফিউল ইসলাম। কিন্তু দ্বিতীয় উইকেটে কুসাল পেরেরাকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন করুণারত্নে । তবে ব্যক্তিগত ৩৬ রানে মিরাজকে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক।
দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কুসাল মেন্ডিসের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন পেরেরা। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১১১ রানে সৌম্যর বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন পেরেরা। ৯৯ বলের ইনিংসটিতে ছিল ১৭ চার ও এক ছক্কার মার। এরপর কুসাল মেন্ডিসকে (৪৩) ফেরান রুবেল।
লাহিরু থিরিমান্নে-অ্যাঞ্জেলো ম্যাথিউ মিলে দলীয় সংগ্রহটা নিয়ে যান ২৭৫ পর্যন্ত। থিরিমান্নেকে (২৫) সৌম্যর ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ম্যাথিউসের ৪৮ ও ধনঞ্জয়া ডি সিলভার ১২ বলে ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ৬২ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার শফিউল।















