ঢাকা সংবাদদাতা: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত করা হবে। উচ্চ আদালতের বিচারক সংকট সমাধানের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে একান্ত বৈঠক শেষে এসব কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আমরা ম্যান টু ম্যান আলোচনার পর বিধিমালার খসড়া করে রাষ্ট্রপতির কাছে পাঠাব। তিনি গেজেট পাশ করবেন। আশাকরি সোমবার এ মামলার শুনানি হবে না। আসছে রোববার এ বিষয়ে শুনানি হতে পারে।
গেলো ২৯ মে বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ২ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ। এর আগেও বেশ কয়েকবার সময় নেয় সরকারপক্ষ।
২০১৬ সালের ১২ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেন আদালত। এর আগে গেলো বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশে সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।















