খেলাধুলা ডেস্ক: অনেক আশা নিয়েই ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়েছিলেন তামিম। কারণ এখন ফর্মের তুঙ্গে রয়েছেন এই টাইগার ওপেনার। সেরা সময়টা কাজে লাগাতে পারলে এসেক্স ও তামিম দুই পক্ষই লাভবান হতো। বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজ। ইংল্যান্ড কন্ডিশনে খেললে ম্যাচ প্র্যাকটিসটাও দারুণ হতো তামিমের। তবে এক ম্যাচ খেলেই হুট করে দেশে ফিরে আসেন দেশসেরা এই ব্যাটসম্যান। তামিমের পরিবারের ওপর ‘হামলা’ হয়েছে বলে দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশ পায়। তবে এ নিয়ে মুখ বন্ধ রাখেন তামিম। টাইগার ক্রিকেটার জানান, ব্যক্তিগত কারণেই দেশে ফিরেছেন তিনি।
তামিমের মতো বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করছেন ঘটনা খুব বেশি সিরিয়াস ছিল না। গুরুত্বপূর্ণ হলে তামিম অবশ্যই বোর্ডকে জানাতেন। তবে বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছেন বিসিবি-প্রধান। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কেই আমাদের নিরাপত্তা দিতে হবে। এবারের ঘটনা নিয়ে কিছু বলছি না। তবে যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আমি বাংলাদেশের সব খেলোয়াড়কে বলছি, সঙ্গে সঙ্গেই যেন বোর্ডকে জানানো হয়। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
শুক্রবার সাংবাদিকদের সামনে বিসিবি-প্রধান আরো বলেন, ‘তামিম এটাকে ব্যক্তিগত বিষয় বলে মনে করছে। ঘটনা যেটাই ঘটুক যে কাউকেই জানাতে চাচ্ছে না। তাঁর মতামতকে আমাদের সম্মান জানানো উচিত। তবে হ্যাঁ, সে যদি অভিযোগ করে তাহলে বিসিবি এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই।’
এবার এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচ খেলার কথা ছিল তামিমের। একটি ম্যাচে মাঠেও নামেন তামিম। এরপরই ‘রহস্যজনক’ কারণে হঠাৎ দেশে ফিরে আসছেন তামিম। বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হয়, বাংলাদেশি ওপেনারের পরিবারের ওপর ‘সন্ত্রাসী হামলার’ কারণেই ইংল্যান্ড ছেড়েছেন তামিম। তবে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ দলের এই অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, একেবারেই ব্যক্তিগত কারণে এ মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন না তিনি। তবে ভবিষ্যতে সুযোগ পেলে ইংল্যান্ডে খেলবেন তিনি।
গত বুধবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘আমার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের জানাতে চাই, ব্যক্তিগত কারণে এসেক্সে পুরো সময় খেলতে পারছি না আমি। বেশ কিছু গণমাধ্যম কারণ হিসেবে হামলার কথা বলছে। তবে সেগুলো সত্য নয়। ক্রিকেট খেলার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা ইংল্যান্ড। আমি সবাইকে জানাতে চাই, ইংল্যান্ডে আবার খেলতে চাই আমি।’















