খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি টাইগারদের জন্য কেবল আনুষ্ঠানিকতা। তবে এ দিয়ে অন্যরকম মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে তারা।
ক্রিকেটের তীথখ্যাত লর্ডসে আগে কখনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। এদিক থেকে খেলাটির তীর্থভূমিতে অভিষেক হলো লাল-সবুজ জার্সিধারীদের।
অবশ্য অন্য ফরম্যাটে আগেই এ ভেন্যুতে খেলেছে বাংলাদেশ। ২০০৫ সালে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে টাইগাররা। দুটি ম্যাচেই বিপক্ষ দল ছিল ইংল্যান্ড।
এ দুটি টেস্ট ছাড়া লর্ডসে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। এখানে অভিষেকটা রঙিন করতে চায় মাশরাফিরা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় তারা। বিজয়ীর বেশে হাসিমুখে দেশে ফিরতে চায় বেঙ্গল টাইগাররা।















