দাঁড়িয়ে গেলেন রোহিত, খেসারত দিচ্ছে বাংলাদেশ

292

স্পোর্টস ডেস্ক: ১৫তম ওভারে সাকিবের তৃতীয় বলে ছয় মারলেন রোহিত শর্মা। ওই ছক্কায় তাঁর রান হলো ৪৯। ওই ওভারেই পুরো করলেন অর্ধশতক। বাংলাদেশ-ভারতের বড় ম্যাচগুলোতে রোহিত দাঁড়িয়ে যান প্রবল শক্তি নিয়ে। আজও তাই হলো। অথচ মাত্র ৬ রানে ক্যাচ দিয়েছিলেন তিনি। তা ছেড়ে দিলেন তামিম!

১৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৯৭। অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুলও।

এজবাস্টনে যিনি টস জিতবেন, তিনি ব্যাটিং নেবেন। এটা অনুমিত ছিল। বিরাট কোহলি তা-ই করলেন। টসে জিতে ব্যাটিং নিলেন। টস হেরে মাশরাফিও বললেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন। তবে এটাও বললেন, ‘ভারতের বিপক্ষে আগে বোলিংটাও খারাপ না। চেজ করাটাও মন্দ না।’

রোহিত শর্মা ও কে এল রাহুল সাবধানেই শুরুটা করেছেন। পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ দিয়েছিলেন রোহিত শর্মা। ডিপ স্কয়ার লেগে উল্টো দিক থেকে এসে ক্যাচটা নিচ্ছিলেন তামিম। হাত গড়িয়ে তা পড়ে গেল! রোহিতের রান তখন ৬!

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে মাশরাফিদের। ইংল্যান্ডের বিপক্ষে ভারত জয় পেলে বাংলাদেশের অবস্থাটা ভালো হতো। কিন্তু ধোনির নেতিবাচক ব্যাটিংয়ে সে সুযোগ হাতছাড়া হয়েছে।

চোট থাকায় আজ নামতে পারছেন না মাহমুদুল্লাহ। তাঁর বদলে আজ নামবেন সাব্বির রহমান। আর মিরাজের বদলে নামছেন রুবেল হোসেন।

বিশ্বকাপে এ নিয়ে তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে দুবার জয় পেয়েছে ভারত আর একবার জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওই জয়ে শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ।