ঢাকা সংবাদদাতা: বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে গভীর রাতে বাবা-মায়ের কোল থেকে তুলে নিয়ে ২ বছর ৮ মাস বয়সের শিশু পুত্রকে তুলে নিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহত শিশুর পিতা আকতারুজ্জামান শাহীন জানান, শুক্রবার দিবাগত রাতে তার স্ত্রী রোজিনা আকতারসহ দুই বছর আট মাস বয়সের শিশুপুত্র আশিক রানাকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। গরমের কারণে ঘরের দরজা খোলা রাখেন।
গভীর রাতে স্বামী-স্ত্রীর মাঝখান থেকে কে বা কারা শিশুপুত্র আশিককে একটি মোবাইল ফোনসহ তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশে পাট ক্ষেতে শিশুর গলাকাটা লাশ দেখতে পায়। দুর্বুত্তরা লাশ থেকে শিশুটির দুই হাত কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, হত্যা মামলার এজাহার নামীয় আসামি মৃত শিশুর সৎমা রোজিনা বেগম, রোজিনার দ্বিতীয় স্বামী আকরামুল ইসলাম, রোজিনার ভাই পিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।















