কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

267

ঢাকা সংবাদদাতা: কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শ্রী প্রশান্ত কুমার দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবির দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে চার হাজার ৩৮৫ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

নিহত শ্রী প্রশান্ত কুমার দাস (২৯) নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।

কুমিল্লার ১০ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বড় ধরনের একটি চালান একদল মাদক ব্যবসায়ী সীমান্তের বিবিরবাজার এলাকায় জড়ো হয় আদান-প্রদানের জন্য।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।

এ সময় বিজিবির পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয় প্রশান্ত কুমার। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।