ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে মোমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেনে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বটতলী গ্রামের পুরাতন গুচ্ছগ্রামের ডা. ফরিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাহাড় থেকে একটি হাতি এসে গুচ্ছগ্রাম এলাকায় তাণ্ডব চালায়। এ সময় বৃদ্ধ মোমেনা রান্না করছিলেন। পেছন থেকে হাতি আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ মোমেনার নিহতের ঘটনাটি বন বিভাগ ও প্রশাসনকে অবহিত করা হয়েছে। মধ্যরাতের দিকে তাঁর লাশ দাফন করা হয়েছে।















