ঢাকা সংবাদদাতা: জাতিসংঘে ‘অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক)’ সদস্য পদে ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৮১ ভোট।
৫৪ সদস্য বিশিষ্ট মর্যাদাপূর্ণ এই পরিষদে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন বিজয়ী হয়েছে। এই বিজয়ের মধ্যদিয়ে বাংলাদেশ ২০২০-২০২২ মেয়াদে বহুপাক্ষিক কূটনৈতিক প্লাটফর্মে এবং বৈশ্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফোরাম ইকোসকে তার দৃঢ় অবস্থান নিশ্চিত করল।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নেন্দা এপ্সিনোসা গার্সেজ এর সভাপতিত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে গোপন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে এই বিজয় বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য উপহার।
গতবছর বাংলাদেশ উন্নয়নশীল দেশ অভিমূখে অগ্রযাত্রার প্রাথমিক ধাপ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, টেকসই উত্তরণ নিশ্চিতে ইকোসকের এই সদস্যপদ লাভ আমাদেরকে আরও সামনে এগিয়ে নেবে। এছাড়া এজেন্ডা ২০৩০ বাস্তবায়নেও এই বিজয় নতুন গতি আনবে।















