আন্তর্জাতিক ডেস্ক: একটু পরেই আকাশে ডানা মেলবে বিমান। এ সময় বিমানের ইমার্জেন্সি দরজা খুলে বিপত্তি ঘটালেন এক নারী যাত্রী। তার এই কাণ্ডে ওই ফ্লাইট বাতিল করে দেয়া হয়।
কেন এই কাণ্ডটি ঘটিয়েছেন বিমানবালার এমন প্রশ্নে ওই নারী জানান, তিনি ইমার্জেন্সি দরজাকে টয়লেটে ঢোকার দরজা ভেবে খুলেছিলেন।
গত শনিবার ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমানে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান এয়ারলাইনসের পিকে ৭০২ বিমান একটু পরেই ইসলামাবাদের দিকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরই মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বিমানের শৌচাগার খুঁজতে থাকেন। কিন্তু এ জন্য বিমানবালাদের সাহায্য নেননি তিনি। একসময় ওই নারী টয়লেটের দরজা ভেবে ইমার্জেন্সি দরজা খুলে ফেলেন। তার এমন ভুলে ৭ ঘণ্টা পিছিয়ে যায় ফ্লাইটটি।
এ ঘটনায় প্রায় ৪০ যাত্রী এবং তাদের মালপত্র বিমান থেকে সরিয়ে ফেলা হয় এবং তাদের বিমানবন্দরের হোটেলে নিয়ে যাওয়া হয়। সাত ঘণ্টা পর পরবর্তী বিমানে তাদের ইসলামাবাদ পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পিআইএপ্রধান এয়ার মার্শাল আরশাদ মালিক।
তদন্তের সময় ওই নারী যাত্রী স্বীকার করেন, তিনি টয়লেট ভেবে ইমার্জেন্সি দরজা খুলে ফেলেছিলেন।
সূত্র: গালফ নিউজ















