গোপালগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩০

533

ঢাকা সংবাদদাতা: গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও সিকদার বংশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঈদে নামাজ শেষে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড় পাচুড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মারাত্মক আহত, চাঁন মিয়াকে (৬০) খুলনা হাসপাতালে ও আবেদ আলী (৬২), ফায়জুল্লাহ (২২), হেলাল (২২), আল আমিন শেখ (৪০), পারভেজ শেখ (১৮), মোশারফ হোসেনসহ (১৭) ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হয়রত আলী জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়ে শেখ বংশের মুজিবুর শেখ ও সিকদার বংশের মোশারফ সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে ঈদের নামাজ শেষ করে শেখ বংশের লোকজন বাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় সিকদার বংশের লোকজনের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের খুলনা ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।