হঠাৎ করে ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

398

সিলেট সংবাদদাতা: সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের এডিসি শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে ২৪ জন ও এডিসি পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে ১৫ জনসহ ৩৯ জন সিআরটি সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

রোববার সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে এ তথ্য জানা গেছে।

এদিন বিমানবন্দরের প্রধান প্রবেশ পথ, ভিআইপি প্রবেশ পথ, পার্কিংয়ের স্থান ও আশপাশের এলাকায় বিশেষ দায়িত্ব পালন করতে দেখা গেছে আর্মড পুলিশ সদস্যদের। এ সময় সেখানে দায়িত্ব পালনকারী পুলিশ পরিদর্শক সঞ্জিত দাস ও সহকারী পরিদর্শক দেবাশীষ দেব জানান, বিশেষ কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের উপ-কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, সামনে ঈদ। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এই সময়ে জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাতায়াত বাড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। তাই বিমানবন্দরে দায়িত্ব পালন করা ফোর্সের সাথে আমরা অতিরিক্ত পুলিশ দিয়েছি।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এমন জোরদার থাকবে।