টিকিট না পেয়ে স্টেশন মাস্টারের কক্ষ অবরোধ

295

ঢাকা সংবাদদাতা: কিশোরগঞ্জ রেলস্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন যাত্রীরা। শনিবার দুপুরে টিকিন না পেয়ে যাত্রীরা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা গেছে, ১০ জুনের অগ্রীম টিকিট কেনার জন্য ভোর রাত থেকে কিশোরগঞ্জ রেলস্টেশনের টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ায় যাত্রীরা। কিছুক্ষণ টিকিট বিক্রি করার পরই স্টেশনের মাইকে ঘোষণা আসে টিকিট শেষ হয়ে গেছে। এ ঘোষণার পরই যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টারের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

যাত্রীরা অভিযোগ করে বলেন, স্টেশনের লোকজন এবং জিআরপি থানা পুলিশ মিলে কালোবাজারিদের কাছে টিকিট বিক্রি করে দিয়েছে। কাউন্টার থেকে টিকিট না পাওয়া গেলে কালোবাজারে টিকিট পাওয়া যাচ্ছে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও আমরা কোনো টিকিট পাইনি।

তবে কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, যাত্রী বেশি এবং টিকিট কম থাকায় সবাইকে টিকিট দেয়া সম্ভব হয়নি।

রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ থেকে চারটি আন্তঃনগর ট্রেনের জন্য মাত্র ৩১৫টি আসনের টিকিট বরাদ্দ রয়েছে। ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেশি থাকায় কিছু টিকিট বিক্রি করে বাকি টিকিট কালোবাজারে বিক্রি করে দেয়া হয়েছে বলে গ্রাহকদের অভিযোগ।