রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

483

ঢাকা সংবাদদাতা: : রাজশাহীর কর্ণহার থানাধীন আফি নেপালপাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম হাসিবুল হোসেন ঘোষ। র‍্যাবের দাবি, নিহত হাসিবুল একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ‘গোলাগুলি’র এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল পবা উপজেলার দামকুড়া থানার সোনাকান্দি গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার দাবি করেছে র‍্যাব।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাবের একটি নিয়মিত টহলদল গত রাতে আফি নেপালপাড়ায় গেলে একটি আমবাগানের মধ্যে তিন-চারজনকে দেখতে পায়। এ সময় র‍্যাব তাদের আত্মসমপর্ণের নির্দেশ দেয়। দুর্বৃত্তরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে হাসিবুল গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। হাসিবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।