ব্রিটেনের রাণীর কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

1019

ঢাকা সংবাদদাতা: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে বাকিংহাম প্যালেসে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার পরিচয়পত্র পেশকালে হাইকমিশনারের সঙ্গে তাঁর স্বামী তৌহিদুল আই চৌধুরী এবং হাই কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, মিনিস্টার (কনস্যুলার) মোঃ লুৎফুল হাসান, কমার্শিয়াল কাউন্সিলর এস এম জাকারিয়া হক এবং প্রথম সচিব মোঃ শফিউল আলম।

এর আগে রাণীর প্রতিনিধি ডিপ্লোমেটিক কর্পের মার্শাল অ্যালিস্টার হ্যারিসন কুইন্স গেইটস্থ বাংলাদেশ হাই কমিশনে আসেন এবং হাইকমিশনার, তাঁর স্বামী ও হাই কমিশনের কর্মকর্তাদের রাজকীয় ঘোড়ার গাড়ির বহরে করে বার্কিংহাম প্যালেসে নিয়ে যান। এ সময়ে প্যালেসের সামনে শত শত দর্শক রাজকীয় বহরের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানায় এবং ছবি তোলে।