মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ালো ইইউ

532

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল সোমবার জানিয়েছে, তারা মিয়ানমারের ওপর অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বৃদ্ধি করেছে। দেশটিতে রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইন, কোচিন ও শান রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যৌন এবং হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় কাউন্সিল এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল জানিয়েছে, ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে দেশটির ১৪ সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।

২০১৮ সালের ২৬ এপ্রিল মিয়ানমারের ১৪ সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং দেশটির কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো।

এই নিষেধাজ্ঞার কারণে অস্ত্র বিক্রির পাশাপাশি মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ইইউর কোনও দেশে ওই কর্মকর্তাদের কোনও সম্পদ থাকলে তা জব্দ করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করলে প্রায় সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করে বলেছে, দেশটিতে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।