আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার ক্ষেত্রে সেই ঐক্য দেখা গেলো না এবারের জি-টোয়েন্টি সম্মেলনে। একদিকে ১৯টি সদস্য দেশ অন্যদিকে প্যারিস জলবায়ু চুক্তি বাতিল করা আমেরিকা।
হামবুর্গে যোগ দিয়েও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থানে অটল রইলেন।
প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ ১৯ রাষ্ট্রপ্রধান।
ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে আমেরিকা আর সেই সিদ্ধান্তকেও এই সম্মেলনে স্বীকৃতি দেয়া হয়।
ট্রাম্প প্রশাসনের এ প্রত্যাহার আলোচনায় প্রথমে খানিকটা অচলাবস্থা তৈরি করলেও শেষপর্যন্ত আমেরিকাকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনেতারা।
সম্মেলন শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেন, একমাত্র আমেরিকা ছাড়া সব সদস্য রাষ্ট্রই মনে করে প্যারিস জলবায়ু চুক্তির শর্ত অপরিবর্তনীয়।
তবে এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্যের অভাবের কারণে দুঃখ প্রকাশ করেন মেরকেল। এসময় প্যারিস চুক্তির প্রতি সমর্থনের কারণে বাকি শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মেরকেল বলেন, আমার মনে হয় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে পার্থক্যগুলো লুকানো হয়নি, তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, ওয়াশিংটন প্যারিস চুক্তিতে আবারো ফিরে আসতে পারে। তবে মেরকেল সেটা মনে করেন না।
সম্মেলন শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আমেরিকার ছাড়া জি-টোয়েন্টিভুক্ত অন্য রাষ্ট্রগুলো মনে করে, প্যারিস চুক্তি অপরিবর্তনীয়। ট্রাম্পের সঙ্গে বিরোধের অন্য আরেকটি জায়গা হচ্ছে অন্যায্য বাণিজ্য সংরক্ষণবাদী নীতি।
এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, জি-টোয়েন্টি নেতৃত্ব সব ধরনের অন্যায্য বাণিজ্যর বিরুদ্ধে লড়াইয়ে সম্মত হয়েছে এবং এই বিষয়ে সুরক্ষার আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তা স্বীকার করেন।
এদিকে নিয়মানুযায়ী সম্মেলনের শেষ দিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে গেছেন ট্রাম্প।















