রাজস্থানকে হারিয়ে রিশব প্যান্টের ডিগবাজি

457

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের আগে আইপিএলে দুর্দান্ত খেলছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান রিশব প্যান্ট। তার ব্যাটিং তাণ্ডবে ছয় উইকেটে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। ৩৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন প্যান্ট।

এদিন ম্যাচ শেষে মাঠেই জয়ের আনন্দে ডিগবাজি দেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা ব্যাটসম্যান। সেই ডিগবাজির ভিডিও আপ করেছে স্টার স্পোর্টস।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক প্রতিক্রিয়ায় রিশব প্যান্ট বলেন, এই জয়টা সত্যিই অসাধারণ। আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। টার্গেট ছিল দলের জয়ে অবদান রাখার। সেটা করতে পেরে ভালো লাগছে। তাছাড়া আমরা প্রত্যেকেই জানি যে আমাদের করণীয় কী। আর দল জয় পেয়েছে এটাই বড় পাওয়া।

প্রসঙ্গত, আজিঙ্কা রাহানের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। তবে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েও শেষ হাসি হাসতে পারেননি রাজস্থানের পক্ষে সেঞ্চুরি হাঁকানো আজিঙ্কা রাহানে।

১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। এ জয়ের ফলে চেন্নাইকে সরিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় তারা।

দিল্লির পক্ষে রিশভ প্যান্ট ৩৬ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি ছিল ৬টি চার আর ৪টি ছক্কায় সাজানো।