ঢাকা সংবাদদাতা: রাজধানীর রামপুরায় শাহারিয়া হাসান সোহাগ (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
আজ শুক্রবার ভোররাতের দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১২০ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ মরহুম সৈয়দ ছামি উল্লাহর সন্তান। তিনি পরিবারের সঙ্গে ওই বাড়িতে থাকতেন।
নিহতের বোন সুমাইয়া দাবি করেন, কয়েক বছর ধরে মাদক সেবন করে আসছিলেন সোহাগ। এর মাঝে তাঁকে কিছুদিন মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসাও দেওয়া হয়। কিন্ত তিনি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারেননি। এর আগেও হারপিক খেয়ে সোহাগ আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেন বোন।
সুমাইয়া আরো দাবি করেন, ‘আজ ভোররাতের দিকে বাসার তৃতীয় তলায় সোহাগ ঘরের ভেতর নিজেই ছুরি দিয়ে নিজের গলায় পোচ দেন। পরে আর্তচিৎকার শুনে ঘরে গিয়ে সোহাগকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সোহাগের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।















