রেলে আমূল পরিবর্তন আসছে: রেলমন্ত্রী

333

ঢাকা সংবাদদাতা: রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ১০ বছরের মধ্যে রেলে আমূল পরিবর্তন করা হবে। রেলের উন্নয়নে ১০টি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরমধ্যে দুটি রেলওয়ে বিভাগে। প্রতিটি জেলায় রেলের সংযোগ দিয়ে উন্নয় ঘটানো হবে। আগামী দেড় বছরের মধ্যে সারা বাংলাদেশের মিটার গেজ লাইনকে ব্রড গেজ লাইনে যুক্ত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধী সমাজের সাথে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১০০টা ইঞ্জিন আনা হচ্ছে। পয়লা বৈশাখ থেকে রাজশাহী-ঢাকা রুটে ননস্টপ দ্রুত গতির ট্রেন চালু হচ্ছে। রেলকে একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বাহন হিসেবে গড়ে তোলা হবে। রাজবাড়ীতে বিভাগীয় কার্যালয় এবং রেলের সংস্কার ও সারাইয়ের কারখানা করা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমান জেলা প্রশাসক শওকত আলী।

এর আগে বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও সুধীজনের সাথে মতবিনিময় করেন তিনি।