খেলাধুলা ডেস্ক: দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে প্রত্যাবর্তনটা সুখের হয়নি। তার ফেরার দুই ম্যাচেই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে। সবশেষ সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন তিনি।
ইনজুরির খবরটা কষ্টের হলেও ভেতরে বড় সুসংবাদ আছে। ফের বাবা হচ্ছেন সিআর সেভেন। সব মিলিয়ে পঞ্চমবার পিতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন তিনি।
রোনাল্ডোর সম্ভাব্য বাবা হওয়ার খবর প্রথম প্রকাশ করে পর্তুগিজ দৈনিক ‘কোরিও দ্য মানহা’। সার্বিয়ার বিপক্ষে গ্যালারিতে ছিলেন পর্তুগিজ যুবরাজের দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। তার শারীরিক গঠন কাঠামোর পরিবর্তন ও পোশাক-আশাক দেখে অনুমাননির্ভর সংবাদ ছাপিয়েছে পত্রিকাটি।
‘কোরিও দ্য মানহা’ জানিয়েছে, সার্বিয়া ম্যাচ দেখতে বেশ ঢিলেঢালা পোশাক পরে মাঠে আসেন জর্জিনা। তবে তাতেও মা হওয়ার লক্ষণ ঢাকতে পারেননি তিনি। ইতিমধ্যে সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
তবে রোনাল্ডো কিংবা জর্জিনার তরফ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ খবর সত্যি হলে, বর্তমান প্রেমিকার সঙ্গে এটা হবে পাঁচবারের ফিফা বর্ষসেরার দ্বিতীয় সন্তান। আর সবমিলিয়ে পঞ্চম।















