ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় উপনেতা মনোনীত করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে। এরশাদ তার সাংগঠনিক নির্দেশে বলেন, ‘সংসদীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করে রওশন এরশাদকে মনোনীত করা হল।
গঠনতন্ত্রের ২০১ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তার এই মনোনয়ন গ্রহণের জন্য স্পিকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান থেকে বাদ দেন হুসেইন মুহম্মদ এরশাদ।
একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয় জিএম কাদেরকে। পাশাপাশি বিরোধীদলীয় উপনেতা পদে থাকতে পারবেন কিনা তা দলটির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে।















