ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেখানে পৌঁছান।
মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল গেছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি জানান, দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯-এ ভূষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি।
এরা হলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন।
আজ পদকপ্রাপ্তদের প্রতিনিধি এবং পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন ও ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন।















