ঢাকা সংবাদদাতা: অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ফের ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসা রোকেয়া হলের পাঁচ ছাত্রীকে মধ্যরাতে হেনস্তা করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। একইসাথে তাদের অনেককে ছাত্রী সংস্থার কর্মী দাবি করে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এমন অভিযোগ করেছেন রোকেয়া হলের গেটে অনশনরত ছাত্রীরা।
অনশনকারী ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শ্রবণা শফিক দীপ্তি বলেন, রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও কারচুপির ভোট বাতিলের দাবিতে আমরা সুশৃঙ্খলভাবে অনশন করছিলাম। বুধবার দিবাগত গভীর রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এখানে এসে আমাদের, সমর্থনকারীদের হেনস্তা করেন। ছবি দেখিয়ে একজনকে চরিত্রহীন প্রমাণের চেষ্টা করেন। আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা মদ-গাঁজা খেয়ে আন্দোলন করছি। যারা পর্দা করেন, সেসব ছাত্রীদের শিবিরেরকর্মী বলে- মিথ্যা অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন তিনি।
ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচন, হল প্রভোস্ট জিনাত হুদাকে কারচুপির মূল হোতা দাবি করে তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিতে গতকাল রাত নয়টায় আমরণ অনশনে বসেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থী ছিলেন। হলের প্রধান ফটকের সামনে তারা অনশন শুরু করেন। অনশন শুরু করার পর তাদের সমর্থনে হলের ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এসময় তারা হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
আওয়ামী পরিবারের সন্তান দীপ্তির ভাষ্য, দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে ছাত্রলীগ শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে রোকেয়া হলের সামনে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। এসেই তিনি ছাত্রীদের হলের ফটকের বাইরে অনশন করা ও তাদের সমর্থকদের অবস্থান নিয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানীর সঙ্গে কথা বলেন।















