খুলনায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

382

ঢাকা সংবাদদাতা: খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে নগরীর দৌলতপুর কৃষি কলেজ মাঠে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, শুক্রবার বিকালে মিরাজ আটক হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি ও ডাকাতি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনের মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।