ঢাকা সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে চার দিন ধরে গভীর রাতে উচ্চশব্দে পিকনিকের গান বাজানো নিষেধ করায় আবদুল জলিল হাওলাদারকে হত্যা করে ছাত্রলীগ নেতা মুনিম খান বাপ্পি।
রোববার রাতে পুলিশের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি এসব কথা স্বীকার করে।
রোববার রাতে উপজেলার মিরহার গ্রামের বাড়ির সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় এ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মুনিম খান বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত বাপ্পি মগড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হোসেনের ছেলে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাপ্পিকে গ্রেফতার করেছে। নলছিটি থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। সোমবার সকালে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আদালতে হাজির করা হয়।
গত শুক্রবার রাতে উচ্চশব্দে পিকনিকের গান বাজানো নিষেধ করায় বাড়ির সামনেই লাঠি দিয়ে আঘাত করে আবদুল জলিল হাওলাদারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জিহাদ হাওলাদার বাদী হয়ে শনিবার রাতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।















