ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড় রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটাররা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন এমন ভাবনা ঠিক নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়। সুন্দরভাবে ভোট হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন এটাই আশা করি।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম প্রসঙ্গে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখছেন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে সকাল বেলায় হয়তো ভোটার কম দেখেছেন আপনারা। এখন পর্যায়ক্রমে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে, তখনই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে। এখনই দেখুন লম্বা লাইন, এটাই স্বাভাবিক। ভোটাররা আসবেন। তারা ভোট দেবেন। আমি তো দেখলাম। আমারও ভোট দিতে দু-এক মিনিট সময় লাগলো। কারণ যথেষ্ট লম্বা লাইন রয়েছে।
তিনি বলেন, আমি যেটা মনে করি, ঢাকা মহানগরীর উত্তরে শান্তিপূর্ণ ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে জয়যুক্ত করবেন।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তারা জাতীয় নির্বাচনকে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি আমাদের এই ঢাকা উত্তরের নির্বাচন, সামনে উপজেলা নির্বাচন আসছে, সবগুলো নির্বাচনই সুন্দরভাবে তারা উঠিয়ে দেবে ও মোকাবিলা করবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তো সুন্দর ও সুষ্ঠু আছে। আপনারা তাকিয়ে দেখুন, কতো ভোটার ভোট দিচ্ছে। আমি যতটুকু দেখেছি সবগুলোই সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোর। নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনার যেটা বলেছেন, সেটা যথার্থই বলেছেন। ভোট কীভাবে হবে সেটা পরিচালনা করছেন তিনি। ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা। বিভিন্ন রাজনৈতিক দল উদ্ধুদ্ধ করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। এটাই স্বাভাবিক। এখন কে এলো, আর কে এলো না সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমাদের সমর্থকরা ভোট দিতে আসছেন সেটাই হচ্ছে বাস্তবতা।















