টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

352

ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্তের বেরিবাঁধের তিন নম্বর স্লুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বেল্লাল হোসেন (৩৮)। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার আবুল বাশারের ছেলে। বিজিবির দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।

ঘটনাস্থল থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, রাতে বেল্লালকে ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেল্লাল জানান, ভোররাতে খারাংখালী সীমান্তের বেরিবাঁধের তিন নম্বর স্লুইচ গেট এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করবে।

ভোররাতে বিজিবির নায়েক সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহল দল বেল্লালকে নিয়ে খারাংখালী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে।

জবাবে বিজিবিও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় বেল্লালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজিবির পরিচালক আরও বলেন, এই ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছেন। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।