ঢাকা সংবাদদাতা: কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সচিব বলেন, এই মুহূর্তে কোন অগ্রগতি নেই তবে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নিচের লেবেলে কোন আপডেট নেই। আপনারা এটাকে যত সহজ মনে করছেন তত সহজ না, জটিল আছে। অনেক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।
কবে নাগাদ কোটা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হবে- জানতে চাইলে মোহাম্মদ শফিউল আলম বলেন, কবে নাগাদ হবে বলা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।
আপনার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কি কাজ শুরু করেছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করিনি। তবে সহসা কাজ শুরু করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, কোন কথা হয়নি।
এর আগে সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বৈঠকে মোট ৭টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তারমধ্যে ৪টি আইন অনুমোদন দেয়া হয়।















