অান্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের ওয়াকফ কাউন্সিলের পরিচালক শেখ আবদুল আজিম সালহাবকে গ্রেফতার করেছে ইসরাইল পুলিশ।
রোববার ভোরে নামাজ আদায়ের পর আল আকসা মসজিদের গেটের কাছ থেকে তার নির্বাহীসহ তাকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি ঘটা বিক্ষোভের কারণে তাকে গ্রেফতার করা হয় বলে ইসরাইল পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান।
আল ওয়াকফের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহদি আবদেল হাদি বলেন, জেরুজালেম এবং পশ্চিমতীরের দখলদার ইসরাইলি পুলিশ বাহিনী কর্তৃক রাতে অতর্কিত আক্রমণ হামলার অংশ হিসেবে শেখ আবদুল আজিম সালহাবকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া ইসরাইল পুলিশ আরও কমপক্ষে ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বলে জানায় সংবাদ সংস্থা মান।
আল ওয়াকফের এক কর্মকর্তা ইসরাইলের সংবাদ সংস্থা হারেতজকে জানান, আবদুল আজিম সালহাবকে গ্রেফতার খুবই অস্বাভাবিক ঘটনা। তিনি জর্দানের জন্য ফিলিস্তিনি অঞ্চলের সবচেয়ে বড় ধরনের ব্যক্তিত্ব।
তারা যদি তাকে জিজ্ঞাসাবাদের নিয়ে যায়, তা হলে তাকে আমন্ত্রণ জানাতে পারত। একজন ৭৫ বয়সী লোককে এভাবে নিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, বলেন ওই কর্মকর্তা।
এর আগে ফিলিস্তিনের পশ্চিমতীরের অন্ততপক্ষে ১২টি গ্রামের খাবার পানির লাইন বন্ধ করে দেয় দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। এতে খলিল পর্বতের দক্ষিণ পাদদেশের এই গ্রামগুলোর প্রায় দুই হাজার ফিলিস্তিনি নাগরিক চরম পানি-সংকটে পড়েছেন।
ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম দুনিয়া আল-ওতানের খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল গ্রামগুলোর অধিবাসীদের অগ্নিসংযোগকারী দাবি করে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি নগর প্রশাসন।
প্রসঙ্গত ইসরাইল কর্তৃক এ অঞ্চলের ফিলিস্তিনি মুসলিমদের ওপর ধারাবাহিক এ নির্যাতনে মূল লক্ষ্য হলো তারা যেন বাধ্য হয়ে নিজেদের বাপ-দাদাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়। তাই ঠুনকো অজুহাতে বিভিন্ন আইন জারি করে ইসরাইল।
এ ছাড়া শুক্রবার ১৬ বছর পর ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙে পবিত্র আল আকসা মসজিদের বাব আল-রহমায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২০০৩ সালের পর এই প্রথম ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙে তারা আল আকসার এ অংশে প্রবেশ করেন।
জুমা উপলক্ষে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদের ভেতর বাব আল রহমাহ নামাজঘরে কয়েকশ ফিলিস্তিনি আসেন। এর আগে মুসল্লিরা যাতে সেখানে প্রবেশ করতে না পারেন, সে জন্য ইসরাইলি কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছিল।
ফিলিস্তিনের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেন জুমার নামাজের ইমামতি করেন। ইসরাইলি নিষেধাজ্ঞা অমান্য করে শত শত মুসল্লি জোর করে সেখানে গিয়ে নামাজ আদায় করেন।
পরবর্তী সময় ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে জায়গাটিতে ঢুকতে পারার আনন্দ প্রকাশ করেন তারা।
মুসলমানদের এ তৃতীয় পবিত্র স্থানে এই অংশটিতে গত ১৬ বছর ধরে কট্টর ইহুদিরা উসকানিমূলকভাবে প্রবেশ করতেন। জায়গাটি মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছিল।















