বিশ্বনাথে জালিয়াতির অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে বোনদের মামলা

500

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল আলী ওরফে ইর্শ্বাদ আলীর বিরুদ্ধে তার আপন দুই বোন মামলা করেছেন। জালিয়াতির মাধ্যমে ‘হেবা ঘোষণাপত্র’ তৈরী করে ১ একর ৮২ শতক ৭৬ পয়েন্ট জমি আবদুল আলী নিজের নামে করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন তার বোন মোছাঃ দুলবি বেগম ও মোছাঃ সোয়া বিবি ওরফে খয়রুন্নেছা।

সিলেট যুগ্ম জেলা জজ ৩য় আদালতে বৃহস্পতিবার এ বিষয়ে স্বত্ত্ব মোকদ্দমা (নং-২২/২০১৯) দায়ের করেছেন প্রবাসীর বোনেরা।
মামলা সূত্রে জানা গেছে, আছদ্দর আলী ও তার স্ত্রী মাহমুদা খাতুন ৪০, ৪১, ৩৬৬, ৩৬৭ ও ৯৭০নং বিএস খতিয়ানে নিজেদের নামে বিভিন্ন দাগে বিপুল পরিমাণ জমি রেখে মারা যান। পরবর্তীতে তাদের ৫ ছেলে ও ৫ মেয়ে উত্তরাধিকারী হিসেবে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগ ব্যবহার করে আসছেন।

গত ৩ ফেব্রুয়ারি দুলবি বেগম ও সোয়া বিবি ওরফে খয়রুন্নেছা জানতে পারেন তাদের কাছ থেকে ‘হেবা ঘোষণাপত্র’র মাধ্যমে আবদুল আলী ওরফে ইর্শ্বাদ আলী নিজের নামে ১ একর ৮২ শতক ৭৬ পয়েন্ট জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।

মামলার বাদীদের অভিযোগ, তারা আবদুল আলী কিংবা অন্য কাউকেই কোনো জমি দান কিংবা বিক্রয়, হেবা কিংবা অন্য কোনো রুপে হস্তান্তর দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেননি। আবদুল আলীর তৈরী করা হেবা ঘোষণাপত্র দলিল সম্পূর্ণ বেআইনি, জাল ও এখতিয়ার বহির্ভূত। বাদীগণ নিরক্ষর হওয়ার সুযোগে পিতৃ সম্পত্তি সঠিকভাবে ভাগ বাটোয়ারা করার অজুহাতে তাদেরকে সাবরেজিস্ট্রি অফিসে এনে কথিত হেবা ঘোষণাপত্র দলিল তৈরী করেছেন। বেআইনি ও জালিয়াতির মাধ্যমে এই দলিল করা হলেও বর্ণিত ভূমিতে আবদুল আলীর কোনো দখল নেই। আদালতে দায়েরকৃত মামলায় দুলবি বেগম ও সোয়া বিবি ওরফে খয়রুন্নেছা কথিত হেবা ঘোষণাপত্র দলিল বাতিল করা এবং বাতিলাদেশের কপি সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে প্রেরণের আবেদন জানিয়েছেন তারা।
এদিকে, গ্রামে বাড়ির দক্ষিণ পার্শ্বের ভিটায় জোরপূর্বক ঘর নির্মাণ করায় প্রবাসী আবদুল আলী ওরফে ইর্শ্বাদ আলীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন তার আপন ছোট ভাই হুসিয়ার আলী। বৃহস্পতিবার দায়েরকৃত মামলায় (বিবিধ মামলা নং-০৭/২০১৯) আদালত বর্ণিত ভূমিতে ১৪৪ ধারা জারি করেছেন।
বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে ১৪৪ ধারা জারির বিষয়টি অবহিত করেছে পুলিশ।