ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্রাম বাংলার প্রতিটি মানুষ যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে সে জন্য আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প অন্যতম। আমি এই নাম পরিবর্তন করে রেখেছি ‘আমার বাড়ি আমার খামার’। যাতে প্রত্যেকে তাদের নিজের জমি ব্যবহার করে নিজেরাই স্ববলম্বী হতে পারে। আর এ ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা রাখবে এটাই আমি আশা করি।’
তিনি আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা যেনো এই অর্জনটা ধরে রাখতে পারি সেজন্য আমাদের সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আমরা দেশের মানুষের জীবন-মান উন্নত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছি।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।















