অবৈধ বাংলাদেশিদের ফেরানো: সময়সীমা চায় ইইউ, পাল্টা প্রস্তাব ঢাকার

3233

ঢাকা সংবাদদাতা: ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া প্রায় ৯৩ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সময়সীমা বেঁধে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পসিজিউর বা এসওপিতে সময়সীমা (টাইম লাইন) প্রস্তাব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরানো সংক্রান্ত এসওপি’র যে খসড়া প্রস্তাব করেছে ইইউ সেখানে সংশোধনীর সুপারিশ করে পাল্টা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবে অনিয়মিত বাংলাদেশিদের অবশ্য ফেরত আনা হবে, এ নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে জানিয়ে বলা হয়- বাংলাদেশের বিদ্যমান আইন এবং নীতিমালা অনুসরণ করেই তাদের ফেরানো হবে। সেখানে সবার আগে ওই ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে ব্যাপক যাচাই-বাছাই (ভেরিফিকেশন) করতে চায় ঢাকা।

এ কাজে যেটুকু সময় প্রয়োজন তা-ই নিতে চায় বাংলাদেশ। ভেরিফিকেশন প্রক্রিয়া সূচারুভাবে সম্পন্ন করতেই জোর দিচ্ছে ঢাকা। এ কাজে কোনো টাইম ফ্রেম বা সময়সীমা বেঁধে দেয়া সমীচীন হবে না বলে মনে করে বাংলাদেশ। এ নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক পরামর্শ বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুনের সঙ্গে। সেখানেও ঢাকার পাল্টা প্রস্তাব এবং সংশোধনীর সুপারিশ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় সূত্র বলছে, ইইউ দূত শিগগিরই ব্রাসেলস যাচ্ছেন। সেখানে আগামী ১২ই জুলাই বাংলাদেশ-ইইউ জয়েন্ট কমিশনের বৈঠক হবে। ওই বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সচিব পর্যায়ের ওই বৈঠকে অবৈধ বাংলাদেশিদের ফেরতের আলোচনা ছাড়াও ডেভেলপমেন্ট, এসডিজি, ক্লাইমেট চেইঞ্জ, আসেম নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে গত আট বছরে ওই সব বাংলাদেশি পাড়ি দিয়েছেন। তাদের অনেকে শরণার্থী হিসেবে রয়েছেন। কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। অনেক দিন ধরেই তাদের ফিরিয়ে আনার চাপে রয়েছে ঢাকা। ইউরোপে যেসব দেশের অবৈধ বা অনিয়মিত নাগরিকরা রয়েছেন তাদের ফেরত আনার প্রক্রিয়া বিলম্বিত হলে ইউরোপে যেতে আগ্রহী অন্য আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া কঠোর করার হুমকি দিয়েছে ইইউ। ইউরোপে অনুপ্রবেশকারী বিভিন্ন দেশের নাগরিকদের একটি তালিকাও প্রকাশ করেছে ইউরোপীয় কমিশনের (ইসি) পরিসংখ্যান অধিদপ্তর ইউরোস্ট্যাট।

পরিসংখ্যান মতে, ইইউভুক্ত দেশগুলোয় ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত অবৈধভাবে প্রবেশ করেছেন মোট ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবেশ করেন ২০১৫ সালে, ২১ হাজার ৪৬০ জন। এরপর সবচেয়ে বেশি অনুপ্রবেশ করেন ২০১২ সালে। ওই বছর ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে পাড়ি দেন ১৫ হাজার ৩৬০ জন বাংলাদেশি। ২০১৪ সালেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেন। ওই বছর সংখ্যাটি ছিল ১০ হাজার ১৩৫। এর বাইরে ২০০৮ সালে ৭ হাজার ৮৫, ২০০৯ সালে ৮ হাজার ৮৭০, ২০১০ সালে ৯ হাজার ৭৭৫, ২০১১ সালে ১১ হাজার ২৬০ ও ২০১৩ সালে ৯ হাজার ৪৯০ জন বাংলাদেশি ইইউভুক্ত দেশগুলোয় অনুপ্রবেশ করেন। ইউরোপের দেশগুলোয় প্রবেশের পর বিভিন্ন সময় তারা আটকও হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য এ তথ্যের সঙ্গে একমত নন। তাদের মতে, ইইউ এখনো ঢাকাকে অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিদের আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান বা তথ্য দেয়নি।