আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাফিয়া লেলিয়ে দিয়েছেন। শুধু মাফিয়াই নয় হত্যার জন্য ভেনিজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া সরকারকে প্ররোচিত করেছেন ট্রাম্প।
বুধবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ অভিযোগ করেন। নিজ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নেতৃত্ব নিয়ে সৃষ্ট সংকটের মধ্যে বুধবার রাজধানী কারাকাসে রাশিয়ার সংবাদ মাধ্যম আরআইএ নভোস্তিকে সাক্ষাৎকার দেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধের তাকে হত্যার ষড়যন্ত্রের প্রসঙ্গের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগাম সংসদ নির্বাচন দিতে রাজি বলেও জানান মাদুরো। খবর রয়টার্স ও এএফপির।
সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘বিরোধীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আমি। ভেনিজুয়েলার ভালোর জন্য আমরা কথা বলতে পারি।’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটা আগাম সংসদ নির্বাচন নিয়ে কথা হলে খুব ভালো হয়।’ তবে শিগগিরই কোনো প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।
বলেছেন, ‘এ মুহূর্তে আমি ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।’















