জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

495

ঢাকা সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় র‌্যাব দুই সদস্য আহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিনসহ বিপুল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ওই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাতে কেশবপুর এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছিল। পরে ঘটনাস্থলে অভিযানে গেলে মাদকবিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে। একপর্যায়ে মাদকবিক্রেতা সোহেল রানা ও র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।