ঢাকা সংবাদদাতা: রাজশাহীর বাঘায় স্ত্রী সামিমা আকতার রেখাকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে পালিয়েছে স্বামী জিল্লুর রহমান। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বামীর বাড়ি জোতরাঘব গ্রামে নিয়ে যায়।
সেখানে স্বামীর পরিবারের লোকজন আবারও তাকে ফের মারধর করে গুরুতর আহত করে। পরে সেখান থেকে উদ্ধার করে স্বামীর কর্মস্থল বাঘা সেবা ক্লিনিকে নেয়ার পর অবস্থা বেগতিক দেখে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় রেখাকে।
সেখানে রেখার অবস্থা আরও অবনতি হলে রাত ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার দিঘা ধরলিয়া এলাকায়। ঘটনার পর স্বামী জিল্লুর রহমানকে পাওয়া যায়নি।
জিল্লুর রহমান উপজেলার জোতরাঘব গ্রামের মছের আলীর ছেলে। তিনি বাঘা সেবা ক্লিনিকের পার্টনার। সামিমা আকতার রেখা লালপুর উপজেলার সালামপুর কেশববাড়িয়া গ্রামের মহর আলীর মেয়ে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দিঘা গ্রামের আফতাব হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দিঘা বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় দিঘা ধরলিয়া নামকস্থানে ওই নারী রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। পরে রেজাউল করীম নামের এক ব্যক্তির ভ্যানে করে দিঘা বাজারে স্থানীয় গ্রাম ডাক্তার ইসরাফিল হোসেনের কাছে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বামীর বাড়ি জোতরাঘব গ্রামে যায়।
তিনি জানান, এই অবস্থায় জিল্লুর রহমানের বাড়ির লোকজন পুনরায় তাকে মারধর করে। এতে তার অবস্থা খারাপ হয়ে পড়ে। পরে তার স্বামীর সেবা ক্লিনিকে নেয়া হয়। পরে জিল্লুর রহমানের আরেক পার্টনার নাজমুল হোসেনের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার স্বামীর লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।
দিঘা গ্রামের ভ্যানচালক রেজাউল করীম বলেন, আমি ক্লিনিকে রেখে নিজ বাড়িতে চলে এসেছি। পরে কি হয়েছে আমার জানা নেই।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আকতারুজ্জামান জানান, গুরুতর আঘাতের কারণে তার থুতনির নিচে ম্যান্ডেবুল ফ্র্যাকচার হয়েছে। তার থুতনির হাড় ভেঙে গেছে। স্বামীর লোকজন মাইক্রোবাসে করে তাকে রাজশাহীতে নিয়ে গেছে।
সামিমা আকতার রেখা জানান, আমি নাটোরে এক বেসরকারি ক্লিনিকে নন ডিপ্লোমা নার্স হিসেবে কাজ করি। শনিবার বিকালে সেখান থেকে স্বামী জিল্লুর রহমানের মোটরসাইকেলে তার বাড়িতে আসছিলেন। এ সময় মোটরসাইকেল থেকে পথিমধ্যে ফেলে দিয়ে চলে আসে। রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়দের সেবায় জ্ঞান ফিরে পায়।
তিনি জানান, বছর খানেক আগে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে জিল্লুর রহমান আমাকে বিয়ে করে। এর মাঝে একবার আমাকে তালাক দিয়েছিল। পরে মামলা করার কারণে পুনরায় বিয়ে করে। তারপর থেকে আমাকে বিভিন্নভাবে মানসিক ও দৈহিকভাবে নির্যাতন করত।
তবে এ বিষয়ে বারবার জিল্লুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।















