ওয়ানবাংলানিউজ: গত ৩০ জানুয়ারীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে স্থানীয় একটি ভোট কেন্দ্রে সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে অভিযোগ করে এই ঘটনার সুষ্ঠুতদন্ত এবং বিচারের দাবীতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারী সোমবার।
উক্ত প্রতিবাদ সভাকে সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গত ১৪ই জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে।
সভায় বক্তারা ৩০ জানুয়ারী নির্বাচনকে ভোট ডাকাতি এবং নিরিহ মানুষ হত্যার নির্বাচন অভিযোগ করে বলেন, দেশে বিদেশে বিভিন্ন সংস্থা এবং বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে প্রত্যাখান করেছে। যারাই ভোট ডাকাতি এবং কেন্দ্র দখলের প্রতিবাদ করেছে তাদের পুলিশ নির্মমভাবে হত্যা করেছে বলে বক্তারা অভিযোগ করেন।
সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইশতিয়াক হোসেন দুদু, বিএনপি নেতা রফিক উল্লা, গোলাম রাব্বানী, আব্দুল গফুর, কামাল উদ্দীন, খসরুজ্জামান খসরু, আব্দুল কাইয়ুম, আবুল কালা সেতু, আসাদুজ্জামান আহমদ, সুহেল আহমদ, শাহজাহান আলম, আবে রাজা, আকতার আহমদ শাহীন প্রমুখ।















