ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান

3654

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তিটি ২৩০ ভোটের বিশাল ভোটের ব্যবধানে নাকচ করে দিয়েছেন ব্রিটিশ এমপিরা।

এই প্রথম দেশটির কোন ক্ষমতাসীন সরকার পার্লামেন্টে এত বড় পরাজয়ের মুখোমুখি হলো।

প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৪৩২জন সংসদ সদস্য, যেখানে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২০২জন।

২৯শে মার্চের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছিল ওই চুক্তিতে।

লেবার পার্টি নেতা জেরেমি করবিন এখন সরকারের ওপর একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন, যা দেশটিতে একটি সাধারণ নির্বাচনে গড়াতে পারে।

মিসেস মে জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়ে বুধবার তিনি বিতর্কে অংশ নিতে পারেন।

মি. করবিন বলছেন, এই সরকারের পরিষ্কার অদক্ষতার ব্যাপারে কমন্স সদস্যদের মতামত জানানোর সুযোগ করে দেবে এই আস্থা ভোট।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে।

পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আর এতেই ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে বড় ধরনের হার হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র।

এখন টেরিজার সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। আর তা না হলে আগামী ২৯ মার্চ এর রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে যুক্তরাজ্যকে।

ভোটে হারার পর টেরিজা মে ঘোষণা দিয়েছেন, সরকারের বিরুদ্ধে আস্থা ভোটকে স্বাগত জানাবেন তিনি। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।