ঢাকা সংবাদদাতা: গুরুতর অসুস্থ বিএনপির আইন সম্পাদক ও ঢাকা বারের সাবেক সভাপতি অসুস্থ অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছেন আইনজীবীরা।
গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে সুপ্রিমকোর্ট বার ভবনের আইনজীবী ক্যান্টিনে শনিবার বিকালে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে শতাধিক আইনজীবী অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অসুস্থ আইনজীবী সানাউল্লাহ মিয়ার রোগমুক্তি, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেক্ষাপট, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, মনির হোসেন, আবেদ রাজা, শাহাজাদা, ফারুক হোসেন, ফিরোজ শাহ, আশরাফুজ্জামান খান, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আনিছুর রহমান খান ও আইয়ুব আলী আশ্রাফী প্রমুখ।
উল্লেখ্য, আইনজীবী সানাউল্লাহ মিয়া ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁও-এ ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসা নেন। তিনি খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য।
তার অসুস্থতার বিষয়ে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ২৫ ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হন। সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে তাকে এখন বাসায় আনা হয়েছে। তবে তার ডান হাত ও ডান পা প্যারালাইসড হয়ে গেছে। এছাড়া তিনি এখনো ভালোভাবে কথা বলতে পারেন না।















