সিইসি হামলাকারীদের সাফাই গেয়েছেন: নজরুল ইসলাম

333

ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সিইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরও তিনি ব্যবস্থা না নিয়ে হামলাকারীদের সাফাই গেয়েছেন।

তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি, বতর্মান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের আমলে যারা মার খায়, তারাই দোষী হয়, আর যারা মারে, তারা দোষী নয়। এ সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না।

সেনাবাহিনীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনারা জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল নির্বাচন সুষ্ঠু করা হবে। কিন্ত তার কোনো নজির নেই। আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা আমরা প্রত্যক্ষ করেছি। ঝিনাইদহ-৩ আসনের প্রাথী ও তার স্ত্রীকে আটক করেছে ডিবি।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির ডা. মুস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা প্রমুখ।