আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯ হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতপো পুরউ নুগরোহো।
মঙ্গলবার তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজ এজেন্সি কোম্পানি অ্যাসোসিয়েটেড প্রেস(এপি)।
সুতপো পুরউ নুগরোহো বলেন, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট এই সুনামিতে ১৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ইউজুং কুলোন ন্যাশনাল পার্ক সংলগ্ন সুমুর সাবডিস্ট্রিক্টে জরুরি ভিত্তিতে আরও সহায়ক-উপকরণ প্রয়োজন।
এদিন ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা গ্লোবে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সুনামির কবলে পড়ে এক হাজার ৪০০ জনের বেশি আহত হয়। এছাড়া কমপক্ষে ১৫৪ জন এখনও নিখোঁজ আছেন। বুধবারও তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কায় কয়েক হাজার মানুষ উঁচু জায়গায় আশ্রয় নেয়।
এতে বলা হয়, মঙ্গলবার সুনামি বিধ্বস্ত জাভা দ্বীপের পশ্চিম উপকূলের ১০০ কিলোমিটার এলাকাজুড়ে জীবিতদের উদ্ধার এবং মাটি খুঁড়ে মরদেহ বের করতে ড্রোন, স্নাইফার ডগ, বিশেষ ক্যামেরাসহ ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এর দক্ষিণেও উদ্ধারকাজ পরিচালিত হবে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, সুনামির কবলে পড়তে পারে বলে আমরা ভেবেছিলাম এমন অনেক জায়গা এর থেকে রেহাই পেয়েছে। এখন আমরা আরও দূরে পৌঁছাতে চাই… এবং সত্যি বলতে সেখানে অনেক ভুক্তভোগী আছে।
গত শনিবার ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালির উভয় পাশে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়া ওই সুনামি আঘাত হানে। প্রায় ২০ মিটার উঁচু ঢেউয়ে জাভা ও সুমাত্রা উপকূলের শত শত ঘরবাড়ি ও হোটেল প্লাবিত হয়। জাভার বানতেন প্রদেশের পানদেংলাং অঞ্চলে বেশি ক্ষয়ক্ষতি হয়।
এর আগে, গত সেপ্টেম্বর মাসেই ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ভূমিকম্প আঘাত হানার পর দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ভূমিকম্পের ঘটনায় উপকূলীয় শহর পালুতে সুনামিও আঘাত হানে এবং প্রাণহানিসহ ব্যাপক ক্ষতিসাধন করে।















