বিনোদন ডেস্ক: চলতি মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি ভারতীয় সনাতন রীতিতে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অব্স্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিউইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টের বাইরে সম্প্রতি তাঁকে দেখা গেছে। তাঁর কোলে ছিল আদুরে পোষ্য ডায়ানা।
প্রিয়াঙ্কা যা-ই পরেন, তাঁকে দেবীর মতো দেখায় বলেই মত ভক্ত ও অনুরাগীদের। কোলে কুকুরছানা আর সাদা পোশাকে প্রিয়াঙ্কাকে অপরূপা লাগছে। প্রিয়াঙ্কার শরীরের ওম পেয়ে পরমানন্দে ডায়ানা, ছবি দেখে যে কেউ এ মন্তব্য করবেন।
সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ইলি’র প্রচ্ছদকন্যা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পিসির পোষ্য অন্তর্জালেও বেশ জনপ্রিয়। ভক্তরা প্রিয়াঙ্কাকে পিসি বলে ডাকেন। আর এই অভিনেত্রী তাঁর পোষ্যকে ডায়ানা চোপড়া বলে ডাকেন। আর ডায়ানাও তাঁর মতো সুন্দরী ও বিলাসী!
প্রিয়াঙ্কা এখন তাঁর হলিউড সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক’-এর প্রচারণায় অংশ নিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন। সেখানে আছেন তাঁর স্বামী নিক জোনাসও।
চলতি মাসের শুরুতে বিয়ের পরই দিল্লিতে হয় প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর স্বল্পবিরতির মধুচন্দ্রিমা কাটান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তারপর নিক ফিরে যান তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রিয়াঙ্কার বয়স ৩৬ আর নিকের বয়স ২৬ বছর। প্রেমে যে বয়সের ব্যবধান কিছুই নয়, তা-ই তাঁরা প্রমাণ করেছেন আর একবার।
দিল্লির পর এবার আরেকটি অভিজাত অভ্যর্থনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুম্বাইয়ে হবে সে আয়োজন। মুম্বাইয়ে অভ্যর্থনার মধ্য দিয়ে সম্ভবত শেষ হতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহের উৎসব। এতে উপস্থিত থাকবেন তাঁদের বন্ধু, পরিবারের সদস্য ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা।
আগামী ২০ ডিসেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে আয়োজিত হবে এ অনুষ্ঠান। রাত ৯টায় হোটেলের বলরুমে পার্টি শুরু হবে। সূত্র : বলিউড লাইফ












