সাতক্ষীরায় বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা

721

ঢাকা সংবাদদাতা: সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী প্রচারণাকালে কলারোয়া বাজারে হামলায় প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।

শুক্রবার(১৪ ডিসেম্বর) দুপুরে কলারোয়া থানা থেকে মাত্র ১শ’ গজ দূরে বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সাতক্ষীরা সদর ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, বিএনপি কর্মী রুহুল আমিন রুবেল ও উপজেলা যুবদল সহ-সভাপতি মোজাম হোসেন।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক তাজ উদ্দীরন রিপন নামে আঞ্চলিক পত্রিকা নোয়াপাড়ার সাংবাদিক আহত হয়েছেন।

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করে বলেন, ‘কলারোয়া বাজারের বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীররা এ হামলা চালায়।’

তবে ফিরোজ আহমেদ স্বপন এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।’